ভারতের প্রখ্যাত ইসলামি পণ্ডিত, লেখক ও গবেষক মাওলানা ড. সৈয়দুর রহমান আজমি নদভী আর নেই। ৭ অক্টোবর বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি মারা যান।তিনি ভারতের লখনৌর দারুল উলুম নাদওয়াতুল উলামার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স ৯২ বছর বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। ১৯৩৫ সালের ১৪ মে ভারতের উত্তরপ্রদেশের মউ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫২ সালে নাদওয়াতুল উলামায় ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি মাওলানা আবুল হাসান আলী হাসানী নদভীর সান্নিধ্য লাভ করেন। পরবর্তী সময়ে বাগদাদেও পড়াশোনা করেন।
আরবি ভাষা ও সাহিত্যে দীর্ঘদিন শিক্ষকতা করার পাশাপাশি তিনি প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে ডিন এবং ২০০০ সাল থেকে প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।‘আল-বায়েস আল-ইসলামি’ আরবি মাসিক পত্রিকার সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে এর প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।ইসলামি শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য নিয়ে তার বহু গবেষণা ও গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৩ সালে ইনস্টিটিউট অব অবজেক্টিভ স্টাডিজ থেকে তিনি আজীবন সম্মাননা পান। ২০১৯ সালে খাজা মঈনুদ্দিন চিশতী ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি থেকে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেওয়া হয়।