ক্যানসারের সঙ্গে লড়াই শুধু শরীরেই পরিবর্তন আনে না, বদলে দেয় মানুষের জীবনবোধ ও মানসিকতাও। নিজের অসুস্থতা ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে এমন উপলব্ধির কথাই জানিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বিবিসির আসন্ন প্রামাণ্যচিত্র ‘হিল’-এ ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অজানা অনুভূতি ও জীবনে আসা পরিবর্তনের কথা বলবেন তিনি।
প্রামাণ্যচিত্রটির প্রকাশিত আগাম দৃশ্যে কেট জানিয়েছেন, ক্যানসার মানুষের শরীরের পাশাপাশি ভেতরের জগতেও গভীর প্রভাব ফেলে। তার ভাষায়, সুস্থ হয়ে ওঠা কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং দীর্ঘ একটি পথচলা। এই সময়ে ভালো-মন্দ দুই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়।
আগামী ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে প্রচারিত হবে ৩০ মিনিটের এই বিশেষ আয়োজন। এতে কেটের ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি অসুস্থতা মোকাবিলা করা অন্য রোগীদের জীবনও তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে তার আবেগঘন মুহূর্তও দেখা যাবে।
প্রামাণ্যচিত্রে কেটের চলতি বছরের ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’ সম্পন্ন করার দৃশ্য রয়েছে। এই অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গে আরোহণ করতে হয়েছিল তাকে। কেটের মতে, জীবনের কঠিন সময় অনেক সময় নতুন উপলব্ধি ও সৌন্দর্যের সন্ধান দেয়। সংকটের মুহূর্ত একা সামলানোর বিষয় নয়, বরং পরস্পরের পাশে থাকাটাই গুরুত্বপূর্ণ।
২০২৪ সালের মার্চে কেট প্রকাশ্যে জানান, তার শরীরে ক্যানসার শনাক্ত হয়েছে এবং তিনি কেমোথেরাপি নিচ্ছেন। তবে রোগটির ধরন সম্পর্কে কখনো বিস্তারিত জানাননি তিনি। একই বছরের সেপ্টেম্বরে কেমোথেরাপি শেষ করার খবর দেন। পরের বছরের জানুয়ারিতে জানান, তাঁর ক্যানসার নিয়ন্ত্রণে এসেছে। এরপর ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরতে শুরু করেন।
চিকিৎসা-পরবর্তী জীবন নিয়েও বিভিন্ন সময়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন কেট। তাঁর মতে, চিকিৎসা শেষ হলেই সবকিছু আগের মতো হয়ে যায় না। সুস্থতার জন্য শারীরিক পুনরুদ্ধারের পাশাপাশি মানসিক ও সামগ্রিক যত্নও প্রয়োজন।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন উইল ওয়ার। এর সূচনা করবেন উপস্থাপক কার্স্টি ইয়াং। বিবিসির প্রধান কনটেন্ট কর্মকর্তা কেট ফিলিপস আশা প্রকাশ করেছেন, এই আয়োজন স্বাস্থ্যগত সংকটের মধ্য দিয়ে যাওয়া মানুষের মনে সাহস ও স্বস্তি জোগাবে।
কেটের চিকিৎসা হয়েছিল লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে। প্রামাণ্যচিত্রটির আন্তর্জাতিক পরিবেশনা থেকে পাওয়া অর্থ দেওয়া হবে হাসপাতালটির ক্যানসারবিষয়ক দাতব্য সংস্থায়। আগামী ২৯ নভেম্বর বিবিসি আইপ্লেয়ারে এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিবিসি ওয়ানে এটি প্রচারিত হবে। পরে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাতেও দেখানো হবে প্রামাণ্যচিত্রটি।