ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি ওয়াশিংটন ডিসির বাড়ির বাইরে নিরাপত্তাবেষ্টিত স্থানে রয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বেসেন্টের আবাসস্থল পরিবর্তনের বিষয়টি প্রকাশ পেয়েছে। ওয়াশিংটনের জর্জটাউন এলাকায় তাঁর ব্যক্তিগত বাড়িটি অবস্থিত। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ ডলারে বিলাসবহুল এই সম্পত্তি কেনেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বাড়িটির ওপর থেকে তোলা ছবি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশের পর বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের ধারণা হয়, ইরান তার বাসভবনের অবস্থান শনাক্ত করেছে। এরপর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় তাকে সামরিক স্থাপনায় সরিয়ে নেওয়া হয়।
ওই কর্মকর্তা বলেন, ইরানের পক্ষ থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি বাড়তে থাকায় অর্থমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। তবে তাকে কোন সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে কিংবা কবে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেসেন্ট। গত ২৪ আগস্ট শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নিষেধাজ্ঞা ও আর্থিক বিধিনিষেধ প্রয়োগ করে ইরানের অর্থনীতিকে চাপে রাখার লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের হুমকির মুখেও বেসেন্ট তার দায়িত্ব পালনে পিছিয়ে যাবেন না। অর্থনৈতিক অবরোধ কার্যকর রাখার পাশাপাশি চলমান অভিযান এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি দৃঢ় অবস্থানে রয়েছেন।
অর্থাৎ, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও পাল্টাপাল্টি হুমকির মধ্যে দেশটির অর্থমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তাও এখন নতুন করে আলোচনায় এসেছে।