দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যাঞ্চলসহ রাজধানী লিমা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন শুরু হয়। জুনিন শহরের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে এর কেন্দ্রের অবস্থান ছিল।
জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র জানিয়েছে, রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। কোনো কোনো এলাকায় তা ছিল মাঝারি থেকে তীব্র। ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও মানুষের মধ্যে আতঙ্কের চিত্র দেখা গেছে।
ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হার্নান্দো তাভেরা এএফপিকে জানান, কম্পনের তীব্রতা বেশ বেশি ছিল। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।
এর আগে গত জুলাইয়ে জুনিন অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ছয়জনের মৃত্যু হয়। আহত হন ৩২ জন। ওই ঘটনায় ৫২টি বাড়িঘরও ধসে পড়ে। ফলে নতুন এই ভূমিকম্পের পর অঞ্চলটির বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।