বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়া-ইউক্রেইন সংঘাতের উত্তেজনা নতুন করে ছড়িয়েছে। এবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়াগামী একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার সঙ্গে ইউক্রেইনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে স্পার্টা-২ নামের জাহাজটি রাশিয়ার কালিনিনগ্রাদের দিকে যাওয়ার সময় হামলার মুখে পড়ে। পরে জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করলে সুয়ারসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে সেটির অবস্থান শনাক্ত করা হয়।
ফিনল্যান্ডের কোস্ট গার্ড জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে তারা হামলার খবর পায়। পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলের আশপাশে কিছু সময়ের জন্য আকাশ ও সমুদ্রপথে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
স্পার্টা-২ একটি রুশ কোম্পানির পরিচালনাধীন জাহাজ। ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালে মার্কিন নিষেধাজ্ঞা এবং চলতি বছরের শুরুতে ইউক্রেইনের নিষেধাজ্ঞার আওতায় আসে এটি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেছেন, ইউক্রেইনের যুদ্ধ পরিস্থিতি এখন তাদের দেশের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার ইউক্রেইনের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখের দাবি, প্রাথমিক তথ্যে জাহাজটিকে লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়ার বিষয়টি উঠে এসেছে। তবে এ ঘটনায় ওই অঞ্চলের সরবরাহব্যবস্থায় বড় ধরনের সংকটের আশঙ্কা নেই।
গভর্নর আরও জানান, রুশ উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর পর স্পার্টা-২-এর নাবিকেরা প্রথমে জাহাজ ছাড়তে অনাগ্রহ প্রকাশ করেন। তাঁরা যাত্রা চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। তবে পরে ফিনল্যান্ডের সীমান্তরক্ষা বাহিনী জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিকদের অন্য একটি রুশ জাহাজে স্থানান্তর করা হয়েছে। সেটি ইতোমধ্যে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনী ঘটনাটি তদন্ত করছে। এ কাজে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। বিষয়টি ন্যাটোকেও জানানো হয়েছে।
২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই বাল্টিক সাগর গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক উত্তেজনার এলাকায় পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেইনের দূরপাল্লার হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে ফিনল্যান্ড উপসাগরের এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।