রাজধানীতে অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশি তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। নাশকতা, মাদক কারবার, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন কমিশনার।
সভায় তিনি বলেন, মহানগরের প্রতিটি থানাকে নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে সক্রিয় থাকতে হবে। অপরাধীদের শনাক্ত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক ও চাঁদাবাজির নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান পরিচালনায় কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার। সভায় নগরীর নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে হেডকোয়ার্টার্সের যুগ্ম পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণি।