রাজধানীর দক্ষিণ মানিকদীতে ইসিবি চত্বরসংলগ্ন নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার নেপথ্যে উঠে এসেছে বিপুল অর্থের লেনদেন ও সন্ত্রাসী বাহিনী ভাড়া করার তথ্য। জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক কোটি টাকার চুক্তিতে হামলাকারীদের সংগঠিত করা হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ঘটনার অন্যতম সমন্বয়ক হিসেবে চিহ্নিত যুবরাজ এখনো গ্রেপ্তার হননি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন পরিকল্পনা করেন। সেখানে মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদের সঙ্গে ভাষানটেকের একটি ভাড়াটে বাহিনীর প্রধান যুবরাজের এক কোটি টাকার চুক্তি হয় বলে অভিযোগ রয়েছে। এ লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে মো. ইব্রাহিম ওরফে কিলার ইব্রাহিমের নামও তদন্তে এসেছে।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের পাশে থাকা ৩৫ কাঠা জমির মালিকানা ও যাতায়াতের পথ নিয়ে বিরোধ থেকেই হামলার সূত্রপাত। ওই জমিতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীরও অংশীদারত্ব রয়েছে। সেখানে কন্ডোমিনিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু সরাসরি প্রবেশপথ না থাকায় নিউগিনি প্রপার্টিজের ভেতরের রাস্তা ব্যবহারের উদ্দেশ্যে প্রকল্পের মূল ফটক ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়।
এ কাজের বিনিময়ে শাহরিয়ারকে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট উপহার এবং ইট-বালু সরবরাহের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। তাবলিগ জামাতে গিয়ে শাহরিয়ারের সঙ্গে গোলাম মহিউদ্দিন চৌধুরীর পরিচয় হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৬ সেপ্টেম্বর রাতে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি প্রকল্পে প্রবেশ করে হামলা চালায়। এ সময় ফটক, নির্মাণাধীন ভবন ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর এবং মালামাল লুটের ঘটনা ঘটে। শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগও রয়েছে। হামলার শিকার হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও।
প্রথম দফার ঘটনায় প্রকল্পের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এতে গোলাম মহিউদ্দিন চৌধুরী ও শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনকে আসামি করা হয়। এ মামলায় গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।
ডিবির তদন্ত কর্মকর্তা পরিদর্শক জেহাদ হোসেন জানান, হামলায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। যুবরাজকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হলেও তিনি আত্মগোপনে রয়েছেন। ঘটনার কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তদন্তে আরও তথ্য পাওয়া যেতে পারে।
প্রথম হামলার ঘটনার পর গত ৭ নভেম্বর একই প্রকল্পে দ্বিতীয় দফায় সংঘর্ষ, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন জানান, নাজিম উদ্দিন ও নুর মোহাম্মদের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। নুর মোহাম্মদ লোকজন নিয়ে প্রকল্পে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দায়ের করা মামলা গ্রহণ করা হয়েছে।
এদিকে দ্বিতীয় দফার ঘটনার পরও বিরোধের অবসান হয়নি। গত ২০ নভেম্বর প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে আরও একটি মামলা করেন। এতে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় অন্তত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
প্রকল্পের মালিক নাজিম উদ্দিনের দাবি, তৃতীয় দফায় হামলার জন্য আরও একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ৫০ লাখ টাকার চুক্তি হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন। এ কারণে প্রকল্পের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন।




