মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আবারও বিপজ্জনক হয়ে উঠেছে হরমুজ প্রণালি। ওমানের উপকূলসংলগ্ন এই জলপথে অজ্ঞাত অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি তেলবাহী ট্যাঙ্কার। পরপর এসব হামলার ঘটনায় আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জাহাজ দুটিতে হামলার তথ্য প্রকাশ করে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে একটি ট্যাঙ্কারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত করে। জাহাজটি তখন হরমুজ প্রণালি পেরিয়ে বাইরে যাওয়ার পথে ছিল।
এর কিছুক্ষণ পর খাসাবের প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে একই ধরনের আঘাতের খবর পাওয়া যায়। তবে দুটি হামলার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য মেলেনি। তবে জাহাজ দুটি থেকে তেল ছড়িয়ে পড়েছে কি না কিংবা সামুদ্রিক পরিবেশের কোনো ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে কয়েক দিনের ব্যবধানে হরমুজ এলাকায় একাধিক জাহাজ আক্রান্ত হওয়ার খবর সামনে এলো। এর আগের দিন শুক্রবার খাসাবের কাছেই একটি ট্যাঙ্কারে হামলার পর আগুন ধরে যায়।
ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এ অঞ্চলের নৌ চলাচল পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। নতুন হামলাগুলো সেই সংকটকে আরও জটিল করে তুলেছে।