জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য এবং বিনিয়োগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (জেবিএ) যৌথভাবে এ আয়োজন করে।
সেমিনারে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ ও জাপানের পাঁচ দশকের পরীক্ষিত বন্ধুত্ব এখন পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্বে নতুন মাত্রা যোগ করছে। জাপানের বয়স্ক ও হ্রাসপ্রাপ্ত জনসংখ্যার বিপরীতে বাংলাদেশের দক্ষ ও উদ্যমী তরুণ জনগোষ্ঠী দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে।
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মন জানান, জাপানে বাংলাদেশের রপ্তানি ২০২৪ সালের ১ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা মেট্রোরেল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি সহযোগিতা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াচ্ছে।
কাউন্সিলর (শ্রম) জয়নাল আবেদিন জাপানের শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, জাপানের শ্রমবাজারকে গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে TITP, SSW ও উচ্চশিক্ষার জন্য জাপানে যেতে আগ্রহীদের ব্যবস্থাপনা তদারকি করা হচ্ছে।
সেমিনার শেষে দুই দেশের অংশীজনদের অংশগ্রহণে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।