দুর্গাপূজার ছুটিতে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রাজধানীর সদরঘাট টার্মিনালে নজরদারি জোরদার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান যাচাই করতে সোমবার আকস্মিক পরিদর্শনে যান নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
পরিদর্শনের সময় তিনি লঞ্চের ফিটনেস, ধারণক্ষমতা, টার্মিনালের পন্টুন এবং নিয়ন্ত্রণকক্ষের কার্যক্রম পর্যালোচনা করেন। যাত্রীদের ভোগান্তি রোধ ও নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং লঞ্চ মালিকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া সব নৌযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন কিংবা যাত্রীদের হয়রানি বরদাশত করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
পূজার ছুটিতে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের জন্য সদরঘাটে যাত্রীদের চাপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর বিশেষ দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার দুর্গাপূজায় যাত্রীসেবা ও নিরাপত্তায় ঈদকেন্দ্রিক প্রস্তুতির আদলে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ঘাটের সার্বিক কার্যক্রম ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হয়। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।