বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব স্পাইন দিবস-২০২৬ ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ পালিত হয়েছে। মেরুদণ্ডের সুস্থতা রক্ষা, হাড়ের ক্ষয় প্রতিরোধ এবং হাড়ের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি ই-ব্লক ও সি-ব্লক প্রদক্ষিণ করে ডি ব্লকে গিয়ে শেষ হয়। পরে অর্থোপেডিক সার্জারি বিভাগের শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান এবং প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।
এ ছাড়া পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল আহসান, অধ্যাপক ডা. আবু জার মো. সেলিম উল্লাহ, অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম খান, অধ্যাপক ডা. কে এম রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
এ বছর বিশ্ব স্পাইন দিবসের প্রতিপাদ্য ছিল ‘স্পাইন ফর হেলথ’। বিশ্ব অস্টিওপোরোসিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘বিল্ড, প্রোটেক্ট অ্যান্ড স্ট্রেংথেন ইয়োর বোনস’। দিবস দুটি পালনের মধ্য দিয়ে মেরুদণ্ডের যত্ন এবং হাড়ের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।




