শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌপথে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট নৌ টার্মিনাল আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টার্মিনালের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবার মান ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পন্টুন, লঞ্চের ফিটনেস, যাত্রী ধারণক্ষমতা এবং নিয়ন্ত্রণকক্ষের কার্যক্রম খতিয়ে দেখেন।
প্রতিমন্ত্রী লঞ্চ মালিক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ উৎসব। এ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সনাতন ধর্মাবলম্বীসহ সব নৌযাত্রীর নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সদরঘাটে অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি রাখা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদের মতো করেই এবারও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
পূজার ছুটিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যেতে সদরঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর বিশেষ দল দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।