নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মোঃ আতাউর রহমান খান, এনডিসি। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৫ মে ২০২৬ তিনি সরকারের সচিব পদে পদোন্নতি পান।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮তম ব্যাচের কর্মকর্তা আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ এবং বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখেন তিনি। ডেটা সেন্টার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নেও নেতৃত্ব দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন আতাউর রহমান খান। পরে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে মাস্টার অব পাবলিক পলিসি এবং যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্সও সম্পন্ন করেন তিনি।
নতুন দায়িত্বে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, নৌপথের কার্যকর ব্যবস্থাপনা এবং নিরাপদ ও আধুনিক নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত সচিব। এসব পদক্ষেপের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে তার।