ডাকসেবাকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে মন্ত্রীর কার্যালয়ে বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এ বিভাগের সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের নেতারা ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে ডাক বিভাগের উন্নয়নে মন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তারা।
এর আগে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।