ঢাকার বাসযোগ্যতা ও পরিবেশ সুরক্ষা উপেক্ষা করে ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের অভিযোগ তুলে সংশ্লিষ্ট গেজেট বাতিলের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
রবিবার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এ দাবি জানায়। এতে বলা হয়, কারিগরি মূল্যায়ন ও পেশাজীবীদের সঙ্গে আলোচনা ছাড়াই অস্বচ্ছ প্রক্রিয়ায় ড্যাপ সংশোধন করা হয়েছে। এমনকি পরিকল্পনা প্রণয়নকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষও (রাজউক) সংশোধন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল না বলে দাবি করেছে আইপিডি।
সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, গত চার বছরে তিনটি ভিন্ন সরকার স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য পূরণ করতে গিয়ে নগরের বাসযোগ্যতা ও টেকসই উন্নয়ন পরিকল্পনাকে উপেক্ষা করেছে। ব্যবসায়িক গোষ্ঠীর দাবি বা প্রভাবের ভিত্তিতে নগর পরিকল্পনার বিধান পরিবর্তন করা হলে তা পেশাগত প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও জনস্বার্থের পরিপন্থী।
তিনি আরও বলেন, শিল্প ও আবাসন ব্যবসায়ীদের বাণিজ্যিক সুবিধা দিতে গিয়ে পরিবেশগত সুরক্ষা, অবকাঠামোর ধারণক্ষমতা এবং ঢাকার দীর্ঘমেয়াদি বাসযোগ্যতা উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়।
বুড়িগঙ্গার তীর, জুরাইন ও পোস্তগোলার মতো পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় উন্মুক্ত স্থানকে ভারী শিল্পকারখানার জন্য ব্যবহারের সুযোগ দেওয়ায় উদ্বেগ জানিয়েছে আইপিডি। সংস্থাটির মতে, বন্যাপ্রবাহ এলাকা ও জলাশয়ে আবাসন প্রকল্পের সুযোগ বাড়লে ঢাকায় জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়বে। অবকাঠামোর সক্ষমতা যাচাই না করে ভবনের আয়তন বা ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বাড়ালেও পরিকল্পনার মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
ড্যাপের সংশোধনী গেজেট সম্পূর্ণ বাতিলের পাশাপাশি অতীত ও বর্তমান সংশোধনের পেছনে দুর্নীতি বা ব্যবসায়িক স্বার্থ কাজ করেছে কি না, তা তদন্ত করে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে সংস্থাটি। ভবিষ্যতে ড্যাপ সংশোধনে প্রাতিষ্ঠানিক নিয়ম, পেশাগত পরামর্শ, কারিগরি মূল্যায়ন, পরিবেশগত প্রভাব বিশ্লেষণ ও জনস্বার্থ যাচাই বাধ্যতামূলক করার সুপারিশও করেছে আইপিডি।
উল্লেখ্য, বিশেষ শর্তে পূর্বাচল ও ঝিলমিল আবাসন প্রকল্পে ভবন নির্মাণে এফএআরে ছাড় দিয়ে ড্যাপ সংশোধন করেছে সরকার। গত বুধবার ২০২২-২০৩৫ মেয়াদের ড্যাপ সংশোধনের গেজেট প্রকাশিত হয়। এতে নির্দিষ্ট কিছু মৌজায় ‘ওপেন স্পেস’ থেকে ‘ভারী শিল্প’ এলাকায় পরিবর্তন এবং জলস্রোত-সংক্রান্ত ‘ওভারলে’ জোনের নিয়মেও সংশোধন আনা হয়েছে।