পর্যটকদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা বাড়াতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটাকে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিলের নেতৃত্বে সৈকতের ‘জিরো পয়েন্ট’ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ট্যুরিস্ট পুলিশ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), ধুমকেতু, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ও অ্যানিমেল লাভার্সসহ বিভিন্ন সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।
কর্মসূচির আওতায় জিরো পয়েন্টের পূর্ব ও পশ্চিম পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের সৈকতে ময়লা-আবর্জনা না ফেলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা হয়।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, কুয়াকাটাকে পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। তবে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।



