কুড়িগ্রামে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষরা ফল বিপর্যয়ের পেছনে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত না হওয়া, শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া এবং পড়াশোনায় অনাগ্রহসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সুপারিশসহ বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, গুণগত মান বৃদ্ধি এবং আগামীতে ভালো ফলাফল অর্জনের উপায় নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী, জেলা জামায়াতের আমির ও সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




