ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের সলেমানপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের জলিল হাওলাদার (৪৮) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর গ্রামের প্রনব কর (৩১)।
৫৮ বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘাডাঙ্গা বিওপির একটি টহলদল সলেমানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে মো. ফারুকের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। তারা ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির নম্বর ঝিনাইদহ-ল-১১-৪০৮৭। এর আনুমানিক সিজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।
আটক দুজন ও জব্দ মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।



