রাজশাহীর বাঘায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে এক সরবরাহকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১২ কেজি বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ২ হাজার ৬০ টাকা। কিন্তু পুঠিয়া উপজেলার ডিলার সুফল সরকার মিনি ট্রাকে করে তার লোকজনের মাধ্যমে বাঘার বিভিন্ন দোকানে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় সরবরাহ করছিলেন। পরে খুচরা বিক্রেতারা সেই গ্যাস ভোক্তাদের কাছে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছিলেন।
বাঘা থানা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে গ্যাস সরবরাহের অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা ব্যবস্থা নেন। সরবরাহকারী পক্ষের অভিযোগ স্বীকারের পর গাড়িচালক বাচ্চু মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।