লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে চোরাচালানে জড়িত দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন নাজিরগোমানী বিওপির দায়িত্বপূর্ণ কাউয়ামারী বাজার এলাকায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আকতারের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। এতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানে দুই ব্যক্তিসহ আটটি ভারতীয় গরু আটক করা হয়।
এদিকে বুড়িমারী, ঝালংগী, সিংগীমারী ও পূর্ব সারডুবি বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে আরও ভারতীয় গরু, মাদক ও বিভিন্ন পণ্য জব্দ করে। বুড়িমারী আইসিপি জিরো পয়েন্ট থেকে সাতটি ভারতীয় শাড়ি ও সাতটি কাশ্মীরি চাদর উদ্ধার করা হয়। ঝালংগী বিওপির পকেটপাড়া এলাকা থেকে একটি এবং হাতীবান্ধার সিংগীমারী বিওপির কানিপাড়া এলাকা থেকে একটি ভারতীয় গরু আটক করা হয়।
এ ছাড়া পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৬৮টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।
জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চোরাচালানে জড়িত দুই ব্যক্তিকে বিজিবি থানায় সোপর্দ করেছে। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধিনায়কও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।




