পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাঁচ শতাধিক মেয়ে নিখোঁজের মামলা ঝুলে থাকায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি আলিয়া নিলম। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে আদালতের হস্তক্ষেপের অপেক্ষা না করে পুলিশকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
গত বুধবার ফয়সালাবাদের বাসিন্দা সাদিয়া হুসাইনের দায়ের করা রিট আবেদনের শুনানিতে এ বিষয়ে আলোচনা হয়। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাদিয়া। শুনানিতে পাঞ্জাবের আইজিপি রাও আব্দুল করিম জানান, ওই নারী তার মেয়ের সন্ধান পেয়েছেন।
নারী ও শিশু নিখোঁজের ঘটনা মোকাবিলায় পুলিশের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জানতে চান প্রধান বিচারপতি। জবাবে আইজিপি বিশেষ কমিটি গঠনের কথা জানান। তবে এতে সন্তুষ্ট না হয়ে বিচারপতি বলেন, অনেক ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের পর পুলিশ তৎপর হয়। দুই বছর ধরে নিখোঁজ থাকা এক মেয়েকে আদালতের হস্তক্ষেপের পর উদ্ধারের ঘটনাও উল্লেখ করেন তিনি।
নিখোঁজ সন্তানের সন্ধানে পরিবারকে দীর্ঘদিন যে মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, তা বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে কি না, সে প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি।
পরে নিখোঁজ মেয়েদের উদ্ধারে পুলিশের পদক্ষেপ, উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা এবং অমীমাংসিত মামলাগুলোর তদন্তের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে আইজিপিকে নির্দেশ দেন আদালত। পাঞ্জাবে বিপুলসংখ্যক মেয়ের নিখোঁজের মামলা অমীমাংসিত থাকায় নারী ও শিশুদের নিরাপত্তা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।