রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার বিচার ও জবাবদিহির দাবিতে আন্তর্জাতিক অবস্থান আরও স্পষ্ট হচ্ছে। গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রতি সমর্থন জানিয়ে একজোট হয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিপীড়ন ও গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে যৌথ অবস্থান ঘোষণা করেছে ১৪টি দেশ। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।
এই উদ্যোগে যুক্তরাজ্যের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।
বিবৃতিতে বলা হয়, গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতার বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আইসিজের রায় দেশটির জন্য বাধ্যতামূলক হওয়ায় আদালতের নির্দেশনা ও আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা।
এদিকে যৌথ অবস্থানের বাইরে যুক্তরাজ্য সরকারও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
একই সঙ্গে মিয়ানমারের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে চাপ বাড়িয়েছে লন্ডন। দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাজ্যে থাকা তাদের সম্পদ জব্দ করা হবে এবং দেশটিতে প্রবেশের সুযোগ বন্ধ থাকবে। মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ ও রপ্তানি সীমিত করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনাও জানিয়েছে ব্রিটিশ সরকার।
নিপীড়নের শিকার জনগোষ্ঠীর সহায়তায়ও অর্থ বরাদ্দ বাড়াচ্ছে যুক্তরাজ্য। রাখাইন রাজ্যে রোহিঙ্গাসহ প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জরুরি সেবা ও জীবনরক্ষাকারী সহায়তার জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা এসেছে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়বিচার ও দায়ীদের বিচারের আওতায় আনার আন্তর্জাতিক প্রচেষ্টায় আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়ন করবে দেশটি।
ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, এসব পদক্ষেপের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটে মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগ নতুন গতি পেয়েছে।