দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা এলাকায় রুশ সামরিক বিমানের প্রবেশ ঘিরে তৈরি হয় সামরিক সতর্কতা। পরিস্থিতি পর্যবেক্ষণে দ্রুত যুদ্ধবিমান মোতায়েন করে সিউল।
দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে রুশ সামরিক বিমানের আনাগোনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ নভেম্বর) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে দেশটির সামরিক বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান পাঠানো হয়। তবে কিছু সময় অবস্থানের পর রুশ বিমানগুলো ওই এলাকা ত্যাগ করে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, রুশ বিমানগুলো উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় থেকেই সেগুলোর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। সম্ভাব্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধবিমানগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয় এবং আকাশে প্রয়োজনীয় কৌশলগত তৎপরতা চালানো হয়।
তবে সামরিক কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। সেগুলো অবস্থান করছিল দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল বা এডিআইজেডে।
এডিআইজেড মূলত কোনো দেশের মূল আকাশসীমার বাইরের একটি নিরাপত্তা পর্যবেক্ষণ এলাকা। আন্তর্জাতিক আকাশসীমার অন্তর্ভুক্ত হলেও সেখানে বিদেশি উড়োজাহাজের উপস্থিতি শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলা করা হয়।
এদিকে একই ঘটনাকে ঘিরে দক্ষিণ কোরিয়ার উল্লুং দ্বীপে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি রুশ বিমান দেশটির আকাশসীমায় ঢুকেছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছিল। তবে মাত্র তিন মিনিটের মাথায় সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, দ্বীপটির কাছে উত্তর কোরিয়ার যুদ্ধবিমান আসার আশঙ্কার কথা উল্লেখ করেও স্থানীয় প্রশাসন ভুলবশত আরেকটি সতর্কবার্তা দিয়েছিল। পরে সেটিও তুলে নেওয়া হয়।
সূত্র: রয়টার্স ও ইয়োনহাপ