রাশিয়া ও এস্তোনিয়ার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। একের পর এক পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে মস্কো, আর পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে দুই দেশের দূরত্ব।
এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে দেশটির সরকারকে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। মস্কোর ভাষ্য, প্রতিবেশী দেশটির কর্মকাণ্ড অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ বেধে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে সীমান্ত বন্ধের পরিকল্পনার প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করা হয়।
রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের সামরিক তৎপরতায় পরোক্ষভাবে সহায়তা করছে এস্তোনিয়া। বিশেষ করে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার উদ্দেশ্যে ইউক্রেনীয় ড্রোনকে এস্তোনিয়ার আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছে মস্কো। তবে এ অভিযোগ নাকচ করেছে তাল্লিন।
এ ছাড়া বাল্টিক সাগরে রুশ বাণিজ্যিক জাহাজের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা এবং দেশটিতে রুশ ভাষা ও অর্থোডক্স গির্জার কার্যক্রম সীমিত করার উদ্যোগের অভিযোগও তুলেছে রাশিয়া।
বিবৃতিতে মস্কো জানায়, এস্তোনিয়ার এমন অবস্থানকে তারা বিপজ্জনক উসকানি হিসেবে দেখছে। নিজেদের জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।
এদিকে লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ঘটনার পর ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে মস্কো। পাশাপাশি দেশটিতে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে ক্রেমলিন।
উল্লেখ্য, এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর সদস্য। ফলে দেশটিকে ঘিরে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বৃদ্ধি ইউরোপের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: আলজাজিরা



