সংযুক্ত আরব আমিরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাস আল খাইমাহর আল ওয়াতান স্ট্রিটে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় ও জাতীয়তা প্রকাশ করা হয়নি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। বিশেষায়িত উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা পরিচালনা করেন। পাশাপাশি দুর্ঘটনাকবলিত এলাকা নিরাপদ করা এবং যান চলাচল স্বাভাবিক রাখার কাজ করেন তারা।
কী কারণে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে নির্ভরযোগ্য সরকারি সূত্রের তথ্য অনুসরণের পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এ অঞ্চলের সড়কগুলোতে স্থানীয় যানবাহনের পাশাপাশি আন্তর্জাতিক পরিবহনও চলাচল করে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।




