বিশ্ব অর্থনীতিতে স্বর্ণের গুরুত্ব বরাবরই আলাদা। নিরাপদ বিনিয়োগ, সম্পদ সংরক্ষণ কিংবা অলংকার—বিভিন্ন প্রয়োজনে এই মূল্যবান ধাতুর চাহিদা রয়েছে। আর উৎপাদনের হিসাবেও অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে এশিয়ার পরাশক্তি চীন। বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলনের পাশাপাশি দেশটির বাজারে বদলে যাচ্ছে স্বর্ণ ব্যবহারের প্রবণতাও।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে চীনের খনিগুলো থেকে ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উত্তোলন হয়েছে। এর আগের বছরও ৩৮০ দশমিক ২ টন উৎপাদন নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছিল দেশটি। নিজস্ব খনির পাশাপাশি আমদানি করা কাঁচামাল পরিশোধন করেও স্বর্ণের সরবরাহ বাড়াচ্ছে চীন।
তবে চলতি বছরে উৎপাদনের চিত্রে কিছুটা ভিন্নতা দেখা গেছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দেশীয় ও আমদানি করা কাঁচামাল ব্যবহার করে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন স্বর্ণ তৈরি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।
এই উৎপাদনের মধ্যে চীনের নিজস্ব খনির কাঁচামাল থেকে এসেছে ২২০ দশমিক ৯৩৫ টন। আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করে পাওয়া গেছে আরও ১২৭ দশমিক ০৫৫ টন।
উৎপাদন কমলেও স্বর্ণ কেনার ক্ষেত্রে চীনের বাজারে উল্টো প্রবণতা লক্ষ করা যাচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ০ দশমিক ২৮ শতাংশ বেশি।
তবে ক্রেতাদের পছন্দে পরিবর্তন এসেছে। অলংকার তৈরিতে স্বর্ণের ব্যবহার আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কমে ১৭৮ দশমিক ৬১২ টনে নেমেছে। অন্যদিকে বার ও কয়েন আকারে স্বর্ণ কেনার পরিমাণ ২৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৪৪৪ দশমিক ৫৭৬ টনে পৌঁছেছে। অর্থাৎ গয়নার পরিবর্তে বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে চীনের ক্রেতাদের।
শিল্পকারখানাসহ অন্যান্য খাতেও মূল্যবান এই ধাতুর ব্যবহার রয়েছে। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে এসব খাতে স্বর্ণের ব্যবহার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৪৩৪ টনে। আগের বছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৪১ শতাংশ।
এদিকে, বছরের প্রথম দিকে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তী সময়ে কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে সামগ্রিকভাবে মূল্য এখনো উচ্চপর্যায়ে রয়েছে। দামের ঘন ঘন পরিবর্তনের কারণে স্বর্ণের বাজারে বিনিয়োগের ঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছে চায়না গোল্ড অ্যাসোসিয়েশন।
চীনের উল্লেখযোগ্য পাঁচ স্বর্ণখনি
বিশ্বজুড়ে বর্তমানে ১ হাজার ৩৫২টির বেশি স্বর্ণখনি চালু রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডেটার তথ্য অনুযায়ী, এর মধ্যে ১১৭টি খনির অবস্থান চীনে।
২০২৩ সালের উৎপাদন বিবেচনায় দেশটির উল্লেখযোগ্য পাঁচটি খনি হলো শাসি কপার মাইন, ইশিংঝাই গোল্ড মাইন, সানশানদাও গোল্ড মাইন, জিয়াওজিয়া গোল্ড মাইন ও দে শিং মাইন।
উৎপাদনের হিসাবে এগিয়ে থাকা শাসি কপার মাইন থেকে ২০২৩ সালে প্রায় ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স স্বর্ণ পাওয়া যায়। একই সময়ে ইশিংঝাই গোল্ড মাইনে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স। বাকি তিনটি খনিও দেশটির স্বর্ণ উৎপাদনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
খনিজ সম্পদ আহরণে সক্ষমতা এবং বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ—দুই ক্ষেত্রেই চীনের অবস্থান স্বর্ণের বৈশ্বিক বাজারে দেশটির প্রভাবকে আরও শক্তিশালী করছে।