ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যে আটক অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে আটকের পর তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, আটকের সময় পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে সেটি ফেরত পেয়েছেন তিনি। আটক অন্য নারীরাও মুক্তি পেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন এই ছাত্রনেত্রী।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে পরিচিত মুখ নেহা বোরা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা তাঁর পদত্যাগ দাবি করছেন।
শনিবার দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নেহা বোরাসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করা হয়। কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভ ও রাজনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।