ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করার জেরে মানবাধিকারকর্মী ও নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে পিল্লাইয়ের সমালোচনা করে নেতানিয়াহুর দপ্তর। একই সঙ্গে নোবেল পুরস্কার কমিটিরও সমালোচনা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, নোবেল পুরস্কার কমিটি নৈতিক বিচারবোধ হারিয়েছে। পিল্লাই ইসরাইলের বিরুদ্ধে মিথ্যা ও ঘৃণ্য অভিযোগ তুলে নিজের পেশাগত পরিচিতি গড়ে তুলেছেন বলে দাবি করে নেতানিয়াহুর দপ্তর। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, তার কর্মকাণ্ড ইহুদিদের নেতিবাচকভাবে উপস্থাপনের প্রবণতাকে উসকে দিয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই আন্তর্জাতিকভাবে মানবাধিকারবিষয়ক কাজের জন্য পরিচিত। তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত বছর ওই কমিশনের এক প্রতিবেদনে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আরও জোরালো হয়। ইসরাইল অবশ্য এসব অভিযোগের বিরোধিতা করে আসছে। পিল্লাইকে ঘিরে নেতানিয়াহুর দপ্তরের সর্বশেষ বক্তব্য গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে চলমান বিতর্ককে আবারও সামনে এনেছে।