আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন। এতে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদ পাবেন সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি।
রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিসহ একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। উপাচার্য সংশ্লিষ্টদের দ্রুত প্রস্তুতিমূলক কাজ শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং আন্তর্জাতিক সুনাম বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




