জাতীয় প্রাণিসম্পদ দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদে স্বেচ্ছাসেবক নির্বাচনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিয়ে এবং প্রকাশ্যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনুষদের একাধিক শিক্ষার্থী।
আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় প্রাণিসম্পদ মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনুষদ থেকে স্বেচ্ছাসেবক বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়। তবে এ প্রক্রিয়ায় আগ্রহী সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রকাশ্যে আবেদন বা নাম আহ্বান করা হয়নি বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দাবি, গোপনে যোগাযোগের মাধ্যমে তালিকা চূড়ান্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, স্বেচ্ছাসেবক নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। আগ্রহী শিক্ষার্থীদের জন্য কোনো উন্মুক্ত ঘোষণা দেওয়া হয়নি। বরং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ছাত্রদল-সংশ্লিষ্টদের তালিকায় বেশি রাখা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা রাসেল পারভেজ। তার দাবি, প্রতিটি ব্যাচের ক্লাস প্রতিনিধিরাই (সিআর) স্বেচ্ছাসেবক নির্বাচন করেছেন। এক্ষেত্রে জ্যেষ্ঠ ব্যাচ থেকে তুলনামূলক বেশি এবং জুনিয়র ব্যাচ থেকে কম শিক্ষার্থী রাখা হয়েছে। ব্যক্তিগতভাবে ফোন করে স্বেচ্ছাসেবক বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, এ সম্পর্কে তিনি অবগত নন।
এদিকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান, প্রতিটি লেভেলের ক্লাস প্রতিনিধি ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নির্দেশনা ছিল, কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠন কিংবা অঞ্চলের পরিচয়ের ভিত্তিতে কাউকে অগ্রাধিকার দেওয়া যাবে না। বরং যারা স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী এবং দায়িত্ব পালনে সক্ষম, তাদের নির্বাচন করতে বলা হয়েছিল।
তবে এই নির্দেশনার পরও ছাত্রদল-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিন বলেন, এমনটি হওয়ার কথা নয়। অভিযোগটি তিনি খতিয়ে দেখবেন।




