রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করা, শ্রেণিকক্ষে অবান্তর আলোচনা এবং একাডেমিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠার প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এ ঘটনায় গঠিত অধিকতর তদন্ত কমিটিও ২১ মাসে প্রতিবেদন জমা দিতে পারেনি।
অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল। ভুক্তভোগী ছাত্রী ও সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও বিচারিক প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের এপ্রিল মাসে অভিযোগগুলো প্রকাশ্যে এলে তৎকালীন প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। তবে আগের তদন্ত প্রতিবেদন পুরোপুরি বাস্তবায়ন না করে পরবর্তী সময়ে অধিকতর যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। সরকার পরিবর্তনের পর ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নতুন একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হলেও তদন্তের চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি।
তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, কমিটি গঠনের পরপরই তদন্ত শুরু হয়েছে। অতি শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তার হাতে পৌঁছায়নি। প্রতিবেদন পাওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগের তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. হারুনুর রশিদ জানান, অভিযোগকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে তারা প্রতিবেদন জমা দিয়েছিলেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সিন্ডিকেট অধিকতর যাচাইয়ের জন্য নতুন কমিটি গঠন করে।
এদিকে তদন্তের দীর্ঘসূত্রতা নিয়ে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যায়।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষককে পুনরায় দায়িত্বে বহাল করার উদ্দেশ্যে প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিচারিক কার্যক্রম ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। তবে এ অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।