দেশের মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত করে নিজস্ব গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে তার সমাধান বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, গবেষণায় সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে দেশের অনেক সমস্যার সমাধান দেশীয় সক্ষমতাতেই সম্ভব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ কমিউনিটিনির্ভর প্ল্যানেটারি হেলথ এডুকেশনবিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে জাতীয় সমস্যার কার্যকর সমাধান বের করবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম ও দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে।
গবেষণায় অর্থ বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গবেষণা বাজেট খুব বেশি না হলেও একেবারে অপ্রতুল নয়। বিদ্যমান অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় অগ্রাধিকার বিবেচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।
প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে অধ্যাপক মামুন আহমেদ বলেন, সফটওয়্যার থেকে শুরু করে গবেষণাগারের বিভিন্ন সরঞ্জাম পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশকে বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম চললেও দেশের নিজস্ব সমস্যার প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এ অবস্থা পরিবর্তনে গবেষণার মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
প্ল্যানেটারি হেলথের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষের স্বাস্থ্য ও সুস্থতা প্রাকৃতিক পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও অতিরিক্ত তাপমাত্রার মতো পরিবেশগত পরিবর্তন মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে। এসব ঝুঁকিতে সীমিত সম্পদের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, পরিবেশগত সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে গবেষণায় কাজে লাগাতে হবে। গবেষণার বিষয় নির্ধারণ থেকে শুরু করে বাস্তবসম্মত সমাধান উদ্ভাবন পর্যন্ত তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
কেটা-আর্থ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম সমন্বয়, প্ল্যানেটারি হেলথ এডুকেশন কাঠামো তৈরি এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত অনলাইন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের অর্থায়ন শেষ হলেও এর কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা থাকতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং গবেষণার অর্জনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে হবে। এ ধরনের উদ্যোগে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান হাতিয়া দ্বীপের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। কেটা-আর্থ প্রকল্পের প্রধান ড. জর্জ ডাউনওয়ার্ড প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সংগীতা রামাঝি এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের হেড অব কো-অপারেশন ড. মিখাল ক্রেইজা।