রাজধানীতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর আগে ব্যক্তিগত হতাশার কথা লিখে গেছেন গণিত বিভাগের ওই শিক্ষার্থী।
ঢাকা কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কামরুল নিজ কক্ষে ছারপোকা মারার ওষুধ পান করেন। পরে ঘরের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি করেন। রাত আনুমানিক ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে একটি নোটবুকে নিজের হতাশার কথা লিখে গেছেন কামরুল। সেখানে তিনি লেখেন, ‘আর কোনো ব্যর্থতা মেনে নিতে পারছি না। আমাকে মাফ করে দিও সবাই।’ কামরুল ঢাকা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন তিনি।
সহপাঠী মোস্তাফিজুর রহমানের ভাষ্য, ব্যক্তিগত ও পারিবারিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কামরুল। একটি সম্পর্ক নিয়ে পরিবারের সঙ্গে তার মতবিরোধ ছিল বলেও সহপাঠীদের কাছ থেকে জানা গেছে। তবে এসব বিষয় তার মৃত্যুর কারণ কি না, তা নিশ্চিতভাবে বলা যায়নি।
এর আগে ২০ নভেম্বর নিজের লেখা একটি চিঠিতে কামরুল জানিয়েছিলেন, তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা উচিত হবে না। সেখানে তিনি যোগাযোগের ঘাটতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এবং নিজেকে ব্যর্থ বলে উল্লেখ করেন। কয়েক দিন পর একই নোটবুকে আবারও হতাশার কথা লিখে যান তিনি।



