বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজন করা হচ্ছে দিনব্যাপী চাকরি মেলা। আগামী ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্রোগ্রাম-২০২৬’। এতে দেশি-বিদেশি ২৫টির বেশি কোম্পানি অংশ নেবে। মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে। দুপুর ১টা পর্যন্ত টিএসসি অডিটোরিয়ামে চলবে মূল আলোচনা পর্ব। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী চলবে চাকরি মেলা।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া, কর্মপরিবেশ ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা নিতে পারবেন। পড়াশোনা শেষ হওয়ার আগেই সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগও তৈরি হবে।
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার বাস্তব প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা, ইন্টার্নশিপ, শিক্ষানবিশি, যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা হবে। কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সংযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।
আয়োজনে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নিবন্ধন ফি ৫০ টাকা, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে অনুষ্ঠান শেষে এ অর্থ ফেরত দেওয়া হবে। নিবন্ধনের আওতায় অংশগ্রহণকারীরা অনুষ্ঠানের উপকরণ, নাশতা, দুপুরের খাবারের টোকেন এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
আয়োজনে সর্বোচ্চ ৫০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। ২৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধন নিশ্চিত করতে ০১৭২২১৩২৭৯২ নম্বরে বিকাশের মাধ্যমে ৫০ টাকা পাঠিয়ে নির্ধারিত ফরমে লেনদেনের তথ্য জমা দিতে হবে। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন।