অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, হত্যাকারীদের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়ের আড়ালে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, আলিফ হত্যাকাণ্ডের দুই বছর পার হলেও বিচারিক প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ঝুলে থাকা ন্যায়বিচারের প্রত্যাশী মানুষের জন্য হতাশাজনক। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।
হত্যাকাণ্ডের দিনের স্মৃতিচারণ করে চসিক প্রশাসক বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। তখন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ২০ দিন পার হয়েছিল। ঘটনাস্থল ও থানায় গিয়ে প্রশাসনের মধ্যে ভীতিকর ও নিরাপত্তাহীন পরিস্থিতি দেখতে পেয়েছিলেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছিল। ওই দিন রাত পর্যন্ত তিনি থানায় অবস্থান করেন। পরদিন প্রয়াত অ্যাডভোকেট এ এফ হাসান আরিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সম্মুখসারির একজন সাহসী কর্মী। গত ১৭ বছর ধরে গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর অবদান ও আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়।
ডা. শাহাদাত আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়ে কারাগারে রয়েছেন। এখন দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। এতে একদিকে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে, অন্যদিকে আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।