কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি খাতে বাংলাদেশি তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং উচ্চশিক্ষায় গবেষণার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উচ্চতর ডিগ্রিধারীদের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণার পরিবেশ তৈরিও সরকারের পরিকল্পনায় রয়েছে।
রবিবার (১১ অক্টোবর) গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকারি বাজেট বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক প্রযুক্তি খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তুলতেও নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।
সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে সফল গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী তাঁদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন বিন ইবনে রিয়াজ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তাঁরা গ্র্যাজুয়েটদের নিয়মিত জ্ঞানচর্চা অব্যাহত রাখা এবং অর্জিত মেধা ও দক্ষতা মানবতার কল্যাণে ব্যবহারের আহ্বান জানান।
ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান আইইউটির এ সমাবর্তনে ১৬টি সদস্যদেশের মোট ৬৫৯ জন শিক্ষার্থী স্নাতক ও উচ্চতর ডিগ্রির সনদ পান। তাঁদের মধ্যে সুমাইয়া আহমেদ রানী একাডেমিক কৃতিত্বের জন্য ‘ওআইসি গোল্ড মেডেল’ অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মাননা ‘আইইউটি গোল্ড মেডেল’ পান আশফাক সিরাজ শুভ, মুহাম্মদ সাফায়াত জামিল, খালিদ হাসান আদর, আদিবা জাহীন, ফারহান লবিব ও তাসফিয়া মাহমুদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হোসেন আরাবি নূর, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, শিক্ষক, দেশি-বিদেশি অতিথি এবং গ্র্যাজুয়েটদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।