মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে সাত দিনের অভিযানে ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, ৯০ কেজি ইলিশ ও ১৭টি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ৫২ জেলেকে আটক করা হয়। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা।
বুধবার (১৪ অক্টোবর) কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে আটক জেলেদের মধ্যে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ছাড়া জেলেদের কাছ থেকে ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা ৯০ কেজি ইলিশের আনুমানিক মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। ১৭টি বোটের মূল্য ধরা হয়েছে ৮ লাখ ৬৫ হাজার টাকা।
এদিকে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। পরে প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহতাছিন ইসলাম।
তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ সংরক্ষণে কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালাচ্ছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে নজরদারি অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞা লঙ্ঘন বা অনিয়মের তথ্য জানাতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ।