রংপুরে ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আফিক হাসান অভি (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর দর্শনা চৌরাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। তিনি পীরগাছা উপজেলার পবিত্রঝাড় এলাকার ফজলুল হকের ছেলে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে নগরীর দর্শনা এলাকায় ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ শেষে মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরছিলেন অভি।
পথে দর্শনা চৌরাস্তার মোড়ে মহাসড়কে ওঠার সময় বাস টার্মিনালগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-১৮৬২) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের চাচা আইয়ুব হোসেন বাদী হয়ে এ ঘটনায় তাজহাট থানায় মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




