সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে ব্যারিস্টার মইনুল হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান মাহবুবের সভাপতিত্বে সভায় যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান জনি ও সহ-কোষাধ্যক্ষ শামীম আহমদ।
সভায় স্বাগত বক্তব্য দেন এবং বিগত দিনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী খোকন। তিনি তার বক্তব্যে গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
জুবের আহমদ চৌধুরী খোকন বলেন, সিলেটের বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন এবং নিরাপদ জ্বালানি সরবরাহে এলপিজি ডিস্ট্রিবিউটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে এ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন।
ব্যবসায়ীদের বর্তমান সংকট তুলে ধরে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায্য অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সব ডিস্ট্রিবিউটরকে একই ছাতার নিচে থেকে কাজ করতে হবে। এতে ব্যবসার সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি গ্রাহকরাও সঠিক সেবা পাবেন।
সভায় আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজাউল হাসান জাকারিয়া ও নুরুল ওয়াছে আলতাফী, সহসভাপতি কামাল হোসেন ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ হযরত আলী এবং সদস্য আমিনুর রহমান, সাজ্জাদুর রহমান তালুকদার সাব্বির ও নিয়াজ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচ এম কবির আহমদ।
সভাপতির বক্তব্যে মো. মাহবুবুর রহমান মাহবুব সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় গত দুই বছরের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শেষ পর্যায়ে অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ক্রেস্ট ও সম্মাননাপত্র বিতরণ করা হয়।