নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার মাটিয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শারমিন আক্তার খালেদার বয়স ৪১ বছর। তিনি ওই এলাকার আব্দুল সাত্তার শেখের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার ১৬ নম্বর আসামি তিনি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর (২০১৩ সালের সংশোধনীসহ) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শারমিন আক্তার খালেদা ওই মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।




