চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন এক ক্যাম্পাস সাংবাদিক। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত তিন শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনাক্ত শিক্ষার্থীরা হলেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিহাবুল ইসলাম ও সাজিদ মাহমুদ এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গোবিন্দ মোদক।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ৪-৫ জন শিক্ষার্থী আহত হন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে দৈনিক আমাদের সময়ের চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীনকে বাধা দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ।
সাংবাদিকের পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে ডাকা হয় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিবকে। তিনি মিসবাহ উদ্দিন স্বাধীনকে সমিতির কার্যকরী সদস্য ও সংবাদকর্মী হিসেবে পরিচয় করিয়ে দেন। এরপরও একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, শিহাবুল ইসলাম ও সাজিদ মাহমুদ তাকে এলোপাতাড়ি ঘুষি মারেন। পরে গোবিন্দ মোদকও কয়েক দফা মারধর করেন। একপর্যায়ে অরিন ঘোষ তাকে চুয়েটে সাংবাদিকের ওপর হামলা, সিসিটিভিতে শনাক্ত ৩ শিক্ষার্থীঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ভুক্তভোগী সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন বলেন, সংঘর্ষের ভিডিও ধারণের সময় তাকে বাধা দেওয়া হয়। সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী তার ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, তিনি নিজেই মিসবাহ উদ্দিন স্বাধীনকে সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপরও তার ওপর হামলার ঘটনা উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সমিতির সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বলেন, সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরও হামলার ঘটনা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্য হুমকি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাউজান প্রেস ক্লাব ও রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব। সংগঠন দুটি হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী জয়নাল আবেদীন এক বিবৃতিতে বলেন, সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার ওপর সংঘবদ্ধ হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এখনো তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ৪-৫ জন আহত হওয়ার খবর পেয়েছেন। একই ঘটনায় একজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে জেনেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।