চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। তিনি ওয়ারুক বাজারের একটি স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ফয়সাল বাইসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহরাস্তির রাঢ়া কাজী বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।