সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে সর্বস্বান্ত হওয়ার শঙ্কায় পড়েছেন ৭৪ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মাছচাষি মমতাজ উদ্দীন সরকার। মাছ নিধনের প্রতিবাদ করায় তাকে ও পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার ধানগড়া ইউনিয়নের গুনগাতী গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দীন সরকার দীর্ঘদিন ধরে নিজের ৯৪ শতকের পুকুরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন পুকুরে বিষ প্রয়োগ করেন বলে তাদের ধারণা। এতে পুকুরের প্রায় ৫০ মণ মাছ মারা যায়। এসব মাছের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে তারা হতবাক হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে মমতাজ উদ্দীন সরকার মাছ নিধনের কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হন। এ সময় তাকে ও পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
মমতাজ উদ্দীন সরকারের পরিবারের সদস্য মাসুদ রানা, তাজমিনা খাতুন ও মনোয়ারা বেগম বলেন, পুকুরের মাছই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম উৎস। একসঙ্গে এত মাছ মারা যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এর ওপর প্রতিবাদ করতে গিয়ে হামলা ও হুমকির শিকার হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের পক্ষে সোলাইমানের মেয়ে সালমা খাতুন বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ না করে তিনি জানান, শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাছ চাষের পুঁজি হারিয়ে আর্থিক ক্ষতি এবং হামলার অভিযোগে নিরাপত্তাহীনতা—দুই দুশ্চিন্তায় দিন কাটছে প্রবীণ মমতাজ উদ্দীন ও তার পরিবারের। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।




