পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে নিহত নারীর স্বামীও রয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা খাতুন ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী মোস্তফা মোল্লা ছাড়াও আহত হয়েছেন আব্দুল হামিদ ও মিনহাজ উদ্দিন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টেবুনিয়া থেকে চাটমোহরগামী অটোরিকশাটি ভবানীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে হাসিনা খাতুন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন অন্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করেন।
আহতদের প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।




