চট্টগ্রামের চন্দনাইশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রিপন (৩৫) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) পরিচালিত বিশেষ অভিযানের পর মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রিপন চন্দনাইশ উপজেলার রৌশন হাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ১৭৭/২৬ নম্বর মামলায় রিপনকে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




