মা ইলিশ সংরক্ষণে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। জব্দ করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন ও বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা। এ সময় নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে জেলেদের নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান ইউএনও ফরিদা সুলতানা। তিনি বলেন, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলা সবার দায়িত্ব। এ সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের সহযোগিতাও জরুরি।




