রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সিজকছড়া হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনায় আট পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর সাজেক ভ্রমণে আসেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা চাঁদের গাড়িতে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেকে দায়িত্বে থাকা সেনাবাহিনীর ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িতে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে রয়েছেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), আরিফুর রহমান (৩৫), সোহরাব (৩৮), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩)। তাদের সবার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর এলাকায়। অপর আহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দীঘিনালা ও খাগড়াছড়ি হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।