শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার ৫৫৮টি পূজামণ্ডপে ৩ হাজার ৬৩০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় রয়েছে আনসার ব্যাটালিয়নের দুটি স্ট্রাইকিং ফোর্স।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্যারেডে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আলী রেজা রব্বী, বিবিএমএস। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আশা করছেন তারা।