সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাসজমিতে থাকা খেলার মাঠে চাষাবাদ বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম। মাঠটি সরকারি দখলে নিয়ে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার নওকৈড় পূর্বপাড়া গ্রামের মাঠটি পরিদর্শন করে তিনি এ নির্দেশ দেন। রোববার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও।
স্থানীয়দের অভিযোগ, সলপ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেকমত আলী সরকার ও তার পরিবারের কয়েকজন সদস্য মাঠটি চাষাবাদের মাধ্যমে দখলে নেওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করা হয়। এতে দীর্ঘদিন ধরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য ব্যবহৃত মাঠটি কৃষিজমিতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ ঘটনার প্রতিবাদে মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।
সলপ ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন জানান, জমিটি সরকারি খাসজমি হিসেবে রেকর্ডভুক্ত। ২০১৯ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনায় মাটি ভরাট করেছিলেন। তবে গুচ্ছগ্রাম নির্মাণ হয়নি। এরপর থেকে স্থানীয় শিশুরা মাঠটিতে ফুটবল ও ক্রিকেট খেলত।
অন্যদিকে, জমিটি নিজেদের দাবি করেছেন হেকমত আলী সরকার। তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে তাদের জমি দখল করে মাটি ভরাট করা হয়েছিল। বর্তমানে তারা নিজেদের জায়গা দখলে নিয়ে চাষাবাদ করছেন। জমির খাজনা-খারিজ আছে কি না জানতে চাইলে তিনি জানান, খাজনা-খারিজ নেই, তবে এ নিয়ে মামলা চলছে।
সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জমিটি সরকারি সম্পত্তি বলে নিশ্চিত করেছেন। ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, মাঠটি সরকারি দখলে নেওয়া হয়েছে। সেখানে চাষাবাদ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং শিশুদের খেলাধুলার জন্য মাঠটি উন্মুক্ত থাকবে।
মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণায় স্থানীয় ক্রীড়ামোদী ও সচেতন মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।