আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাংলার গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ। সেই ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ফরিদপুরের সদরপুরে ব্যতিক্রমী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এতে কবিতা, আলোচনা ও কলাপাতায় একসঙ্গে খাবার খাওয়ার মধ্য দিয়ে শেকড়ের সংস্কৃতিকে স্মরণ করেন শতাধিক মানুষ।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িতে সদরপুর উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়। ‘কলাপাতা সাহিত্য উৎসব’ নামে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।
উৎসবে কবি-সাহিত্যিকেরা নিজেদের লেখা কবিতা আবৃত্তি করেন। পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, আধুনিকতার প্রভাবে গ্রামীণ সংস্কৃতির অনেক পরিচিত উপাদান হারিয়ে যাচ্ছে। এসব ঐতিহ্য ধরে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কলাপাতায় খাবার পরিবেশনের মতো আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করে।
তারা আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিকদের একত্রিত করার মধ্য দিয়ে এ উৎসব সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করবে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা গ্রামীণ জীবন, লোকজ সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্য নিয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন। আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল কলাপাতায় খাবার পরিবেশন। বিকেল ৪টার দিকে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ একসঙ্গে কলাপাতায় খাবার খান। এর মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ উৎসব।
আয়োজকরা জানান, বাঙালির চিরচেনা খাবার পরিবেশনের ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দিতেই এই উদ্যোগ। এতে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় আনন্দ ও উৎসাহ।